
প্রতিনিধি 7 June 2026 , 7:01:50 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র চার দিন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে পারদ চড়তে শুরু করেছে। মাঠের ফুটবলে প্রিয় তারকাদের পায়ের জাদুর পাশাপাশি তাদের ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট নিয়েও ভক্তদের আগ্রহের পারদ বরাবরের মতোই তুঙ্গে। আর এই তালিকায় যার নাম সবসময় সবার ওপরে থাকে, তিনি ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। এবারও তার ব্যতিক্রম হলো না; বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নতুন হেয়ার স্টাইলে হাজির হয়ে চমকে দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গতকাল শনিবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন। আর তাতেই উন্মেচিত হয় নেইমারের এই নতুন চটকদার রূপ।

২০১৪, ২০১৮ এবং ২০২২—গত তিনটি বিশ্বকাপেই ভিন্ন ভিন্ন আইকনিক হেয়ার স্টাইল নিয়ে মাঠে নেমেছিলেন নেইমার। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে পা রাখার আগেও নিজের চুলে আনলেন বড় পরিবর্তন। এবার তিনি বেছে নিয়েছেন এমন একটি লুক, যা তার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চেনা রূপকে মনে করিয়ে দেয়। সে সময় পিএসজিতে খেলার দিনগুলোতে চুলে যেভাবে হালকা সোনালি (ব্লন্ড) রঙ করেছিলেন, এবারও ঠিক সেই চেনা অবয়বেই দেখা গেছে তাকে।
নতুন এই রূপের ভিডিও প্রকাশের পাশাপাশি ইনস্টাগ্রামে নেইমারের জন্য একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট করেছেন তার হেয়ার স্টাইলিস্ট। বিশ্বকাপের বড় চ্যালেঞ্জের জন্য নেইমারকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন:
“সুন্দর চুল শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়। এর পেছনে রয়েছে যত্ন, চুলের স্বাস্থ্য রক্ষা, অভ্যন্তরীণ ও বাহ্যিক চিকিৎসা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং এমন একটি বিশেষ প্রোটোকল, যা চুলকে শক্তিশালী, সুস্থ ও বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত রাখে। আরেকবার বিশ্বকাপের জন্য সবকিছু প্রস্তুত। সৃষ্টিকর্তা তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে রক্ষা করুন, কঠিন সময়ে শক্তি দিন এবং মাঠের ভেতরে ও বাইরে তোমার প্রতিভাকে আরও সমৃদ্ধ করুন।”
মাঠে নামার আগেই নেইমারের এই নতুন লুক সামাজাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। এখন দেখার বিষয়, নতুন হেয়ার স্টাইলের এই চেনা রূপ হেক্সা মিশনের হাহাকার ঘোচাতে ব্রাজিলকে কতটা অনুপ্রাণিত করে।