
প্রতিনিধি 2 April 2026 , 1:50:08 প্রিন্ট সংস্করণ

বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে হেনস্তা, ‘আপত্তিকর’ ছবি তৈরির চেষ্টা এবং প্রতারণা করে ১৩ লাখ টাকা ‘আত্মসাতের’ অভিযোগ আনা হয়েছে এ মামলায়।
তরুণীকে ‘আটকে রেখে হেনস্তা’ এবং অর্থ ‘আত্মসাতের’ মামলায় আপসের শর্ত ভঙ্গ করায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বৃহস্পতিবার এ আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান।
তিনি বলেন, ”আজ মামলার ধার্য দিন ছিল। জামিনে থাকা আসামি নোবেল আদালতে হাজিরা দেন৷ তবে তিনি এর আগে জামিনে গিয়ে আপসের শর্ত ভঙ্গ করেছেন। এজন্য আমরা তার জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
আনাননিয়া শবনম রোজ (অনন্যা) নামের এক তরুণী গত বছরের ১৩ অগাস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ‘ছোট ভাই’ মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে হেনস্তা, ‘আপত্তিকর’ ছবি তৈরির চেষ্টা এবং প্রতারণা করে ১৩ লাখ টাকা ‘আত্মসাতের’ অভিযোগ আনা হয় মামলার আসামিদের বিরুদ্ধে।
আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। অভিযোগের ‘সত্যতা’ পাওয়ায় গত ৭ জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
২৩ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
তবে বাদীর অনাপত্তিতে আপসের শর্তে জামিন পান নোবেল। কিন্তু অনন্যা পরে অভিযোগ করেন, ওইদিনই তাকে ডেমরার বাসায় নিয়ে মারধর করেন নোবেল।
আপসের শর্ত ভঙ্গ করার অভিযোগ এনে নোবেলের জামিন বাতিলের আবেদন করার কথা তখন বলেছিলেন নোবেল। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি হয়।
মামলার অভিযোগে বলা হয়, নোবেল রোজকে ‘প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে’ ২০২৩ সালের ২৫ অগাস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা ‘প্রতারণার মাধ্যমে’ নিয়ে ‘আত্মসাৎ’ করেন। বাদীকে আটকে রেখে ‘হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা’ করেন। আর অন্য আসামিরা তাকে ‘সহযোগিতা’ করেন।