
প্রতিনিধি 30 March 2026 , 2:47:30 প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ২০১৮ সালের পর দেশে হামের টিকা প্রদান হয়নি। তিনি বলেন, “যতো দ্রুত সম্ভব টিকা দেশে আসবে এবং আসার পরপরই তা সরাসরি শিশুদের দেওয়া শুরু হবে।”

মঙ্গলবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও জানান, সংক্রামক রোগ প্রতিরোধ, মা–শিশু স্বাস্থ্য উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ৫ বছরের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করতে সম্মত হয়েছে। মে মাসের মধ্যে তারা কার্যপরিকল্পনা প্রদান করবে।
জাতীয় টিকা কমিটি জানায়, আগামী জুনে সারাদেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২ কোটি শিশুকে হাম টিকা দেওয়া হবে। স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইউনিসেফকে ইতিমধ্যেই টিকার জন্য অর্থ প্রদান করা হয়েছে এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে টিকা প্রদানের আশা করা হচ্ছে।