
প্রতিনিধি 24 March 2026 , 4:27:33 প্রিন্ট সংস্করণ

আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।
পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় মঙ্গলবার (২৪ মার্চ) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় ডিবি পুলিশের একটি দল।
এ ব্যাপারে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ঢাকা ও ফেনীতে দায়ের করা অন্তত পাঁচটি মামলায় আসামি তিনি।

সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন। এর পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কেনেন মাসুদ উদ্দিন। তার পরের দিন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।
এক-এগারোর সময়ের আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা পরে গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওই কমিটির অধীনে সে সময় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।
এরপর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তার মেয়াদ তিন দফায় বাড়ানো হয়।