
প্রতিনিধি 12 March 2026 , 12:42:07 প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদ অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান প্রমুখ উপস্থিত আছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া এই অধিবেশনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে স্পিকার মেজর হাফিজ (অব.) বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সকালে থেকে সংসদ ভবনে ঢুকতে দেখা যায় তাদের।

নবনির্বাচিত সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধি নেই।
সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।