
প্রতিনিধি 3 March 2026 , 5:36:17 প্রিন্ট সংস্করণ

রাজধানীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দিনে ৩ বার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি জানিয়েছে, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে নতুন সময়সূচি চালু করা হয়েছে এবং গঠন করা হয়েছে বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী, সকালে লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রম এবং বিকাল, সন্ধ্যা ও প্রয়োজন অনুযায়ী রাতে ফগিং কার্যক্রম পরিচালিত হবে। এতে অঞ্চলভেদে প্রতিদিন ৩ দফায় মশক নিধন কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে।
তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কেবল ফগিং বা ওষুধ প্রয়োগের ওপর নির্ভর করলে দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে। তাদের মতে, টেকসই মশা নিয়ন্ত্রণে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পানি জমে থাকা রোধ এবং নগর পরিকল্পনায় সমন্বিত উদ্যোগ জরুরি।
উত্তর সিটি কর্পোরেশন আরও জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনেও কার্যক্রম অব্যাহত থাকবে এবং মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। কিউআরটি টিমের মাধ্যমে বিভিন্ন হটস্পটে অভিযান পরিচালনা এবং নালা-নর্দমা, স্যুয়ারেজ লাইন ও জলাশয়সহ সম্ভাব্য প্রজননস্থলের তালিকা হালনাগাদ করার কাজ চলছে।