
প্রতিনিধি 26 February 2026 , 12:56:48 প্রিন্ট সংস্করণ

রাজধানীর প্রতিটি মেট্রো স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিংবা যে কোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
গত ১৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির পথ, ট্রেনের ভেতর এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় প্রচার, বাণিজ্যিক কিংবা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শুটিং বা যে কোনো প্রকার কনটেন্ট কার্যক্রম পরিচালনা করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শুটিং, ভিডিও বা ফটোগ্রাফির অনুমতির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।