
প্রতিনিধি 20 February 2026 , 4:03:09 প্রিন্ট সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনঃভর্তির ফি বাতিলের বিষয়ে নেয়া সিদ্ধান্ত, আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে একটি সড়কের নামফলক উন্মোচন শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ দিকে, মোহাম্মদপুরে চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের নামে একটি সড়কের নামফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী। ২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ফাইয়াজ।

ববি হাজ্জাজ বলেন, মাত্র দুদিন হলো দায়িত্ব পেয়েছি। আগামীতে কোনো হুটহাট সিদ্ধান্ত নেবো না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনঃভর্তির ফি বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তা আগামী বছর থেকে কার্যকর করা হবে। সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের মধ্যকার বেতন বৈষম্য নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের ওপর দায়িত্ব অনেক বড়ো। বৃহস্পতিবার দুপুরে আমাদের মন্ত্রণালয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষকদের সঙ্গে আলোচনাসাপেক্ষেই বৈষম্য দূরীকরণে সরকার সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, এই সরকার জবাবদিহিতার সরকার। জবাবদিহিতা ব্যতীত আমরা কোনো সিদ্ধান্ত নেবো না।